ঈদুল আজহা উপলক্ষে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন একক নাটক ‘মায়াপাখি’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। মুক্তির আগেই নাটকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। কারণ ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ টিমের তৃতীয় কাজ এটি। এ দুটি নাটকও দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তাই এ টিমের তৃতীয় কাজটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। আগের দুটি নাটকের মতো ‘মায়াপাখি’ নাটকের গল্পও সম্পর্ক ঘিরে। কিন্তু ধরন একেবারে আলাদা।
নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবেন; শিহরিত হবেন। আর গল্পের শেষে কোনো দর্শকই ঠিক থাকতে পারবেন না; তার মন লুটপাট হয়ে যাবে।
জাকারিয়া সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি।’ জিয়াউল ফারুক অপূর্ব নাটকটি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘এটি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। গল্পের শেষে প্রত্যেক দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে বের হতে পারবে না অনেকদিন।’
নাটকটি নিয়ে উচ্ছ্বসিত নীহা বলেন, ‘এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। আপাতত এটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুবই এক্সাইটেড।’ ঈদুল আজহায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মায়াপাখি’ নাটকটি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.