
নীলফামারীর সৈয়দপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে সুমন আলি (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এতে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
শনিবার (১৬ মে) সকালে র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক সৈয়দপুর উপজেলার বেলপুকুর ডাঙ্গাপাড়া এলাকার সফর উদ্দিনের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুমন আলি ভুক্তভোগী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমসহ বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৭ তারিখে ভুক্তভোগী শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামিসহ কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে। পরে ভুক্তভোগীর বাবা বিষয়টি জানতে পেরে বাদী হয়ে থানার মামলা দায়ের করেন। পরে র্যাব ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। এসময়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.