
ব্রাহ্মণবাড়িয়ার পর এবার নাটোরেও ‘তথ্য সংগ্রহে’ গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব সদস্যরা। নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. সোহাগ মাহমুদ। তিনি ওই গ্রামের বাসিন্দা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, র্যাব-৫ নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার এএসআই মো. পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল সাদা পোশাকে তথ্য সংগ্রহের কাজে নবীনগর গ্রামে যায়। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের পথরোধ করে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় এবং র্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
হামলায় কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ মাহমুদ নামে একজনকে আটক করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানায়, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.