বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ধাবিত করা হয়েছিল। বর্তমান সরকার দেশীয় সম্পদ আহরণের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন এগিয়ে নিতে বদ্ধপরিকর। দেশের জ্বালানি চাহিদা পূরণে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদ আহরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কয়লা বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের বিষয়ে তিনি জানান, এ নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পূর্ণাঙ্গ উৎপাদন চালু না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগের সরকারের সময়কার নানা সমস্যার কারণে এটি পুরো সক্ষমতায় পরিচালিত হয়নি। তবে বর্তমান সরকার তিনটি ইউনিট একসঙ্গে চালুর লক্ষ্যে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পরে মন্ত্রী মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.