কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গংগারহাট বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত পথে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
পরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় টহলদল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে চোরাকারবারীরা সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৪০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.