স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে চলমান হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর নেপথ্য ঘটনা জানতে তদন্ত চলছে। প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে এবং জনগণের জানার স্বার্থে সেসব ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব বলেন স্বাস্থ্য সচিব। ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
কামরুজ্জামান চৌধুরী বলেন, হামের প্রাদুর্ভাবের নেপথ্য কারণ ও শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে উঠে আসবে কেন আমরা এতগুলো শিশু হারালাম। কী কারণে, কোথায় আমাদের সমস্যা ছিল, আমাদের কোনো গাফিলতি ছিল কি না বা আমাদের কর্মকর্তাদের দায়-দায়িত্ব নির্ধারণে কোনো অবহেলা ছিল কি না। তদন্ত হলে যা হয়, তার সব কিছু হচ্ছে। এ নিয়ে আর বেশি কিছু না বলি। আমরা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবো। এর আলোকেই আপনারা সব কিছু জানবেন।
তদন্ত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, ‘প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া দরকার। জনগণের জানা দরকার। আমাদের সরকার একটি গণতান্ত্রিক সরকার, জবাবদিহিমূলক সরকার। আমি বিশ্বাস করি, সরকার জনগণের কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত।’
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও ও হাম-রুবেলা ল্যাবরেটরির ভাইরোলজিস্ট ও সাবেক সাবেক প্রধান ডা. খন্দকার মাহবুবা জামিল, বিএমইউর নবজাতক বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, জনস্বাস্থ্যবিদ ও সিডিসির সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ, স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সবুর খান, জনস্বাস্থ্যবিদ ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন, টিকা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সাবেক গবেষক ডা. তাজুল ইসলাম এ বারি, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ড. সৈয়দ আব্দুল হামিদ, পুষ্টিবিদ ও ব্র্যাকের ক্লাইমেট ব্রিজ ফান্ডের প্রধান সাইকা সিরাজ, ডব্লিউএইচও বাংলাদেশের ন্যাশনাল প্রফেশনাল অফিসার (ইমিউনাইজেশন) ডা. চিরঞ্জিত দাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) প্রতিনিধি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) ডা. হুমায়ুন কবির হিমু ও বিএমইউ ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত।
বিএইচআরএফের সভাপতি প্রতীত ইজাজের সভাপতিত্ব ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ। হাম পরিস্থিতি কাভারে মাঠপর্যায়ের বাস্তবতা বিষয়ে তুলে ধরেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.