নটিংহাম ফরেস্টের স্বপ্ন চুরমার করে ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাস্টন ভিলা। সেমিফাইনালের প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনাল নিশ্চিত করেছে বার্মিংহামের ক্লাবটি। অন্যদিকে, প্রথম লেগে ব্রাগার কাছে ২-১ ব্যবধানে হারলেও দুর্দান্ত কামব্যাক করে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রাইবুর্গ।
ভিলা পার্কে নটিংহামের বিপক্ষে উনাই এমেরির দলের জয় ৪-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভিলা। ৩৬ মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এমি বুয়েন্দিয়ার গোলে লিড নেয় ভিলা। ৭৭ ও ৮০ মিনিটে জোড়া গোল করে ফরেস্টের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ভিলা অধিনায়ক জন ম্যাকগিন।
ভিলার কোচ উনাই এমেরির সামনে এখন পঞ্চম ইউরোপা লিগ শিরোপা জয়ের সুযোগ। ১৯৯৬ সালের লিগ কাপের পর এটিই ভিলার বড় কোনো শিরোপা জেতার প্রথম সুযোগ। এছাড়া এই শিরোপা জিতলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত হবে তাদের।
ফ্রাইবুর্গের ইতিহাস
ঘরের মাঠ ইউরোপা পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় লেগে ৩-১ ব্যবধানে জিতেছে ফ্রাইবুর্গ। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে পা রেখেছে জার্মান ক্লাবটি।
দ্বিতীয় লেগের লড়াইয়ে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে পাত্তাই দেয়নি ফ্রাইবুর্গ। লুকাস কুবলারের জোড়া গোল এবং ইয়োহান মানজাম্বির অনবদ্য স্ট্রাইকে প্রথমবার ইউরোপীয় ফাইনালের স্বাদ পেতে যাচ্ছে জার্মান দলটি।
২০ মে ইস্তাম্বুলে ফাইনালে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও ফ্রাইবুর্গ। ১৯৮২ সালে ইউরোপীয় কাপ জয়ের পর থেকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের অপেক্ষায় আছে ভিলা। অন্যদিকে, ডার্ক হর্স হিসেবে টুর্নামেন্ট জুড়ে চমক দেখানো ফ্রাইবুর্গও ছাড় দিতে নারাজ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.