আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর ও আকর্ষণীয় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আনুষ্ঠানিকভাবে এ শ্রেণিকক্ষ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি বলেন, প্লে-গ্রুপ ও নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের জন্য বয়সভিত্তিক বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ও আনন্দের সঙ্গে শ্রেণিকক্ষে অংশ নিতে পারে। শিশুদের মধ্যে স্কুলভীতি দূর করে তাদের পড়াশোনায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ধাপে ধাপে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকরা।
এদিকে শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিনও চালু করা হয়েছে। সেখানে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.