লালমনিরহাটে দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের ২০২৬ সালের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) সকাল ৯টায় বড়বাড়ি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ১০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জীবিকায়নের উপকরণ হিসেবে গরু, ভ্যানগাড়ি, সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসব সহায়তার মোট আর্থিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যাকাতভিত্তিক এ ধরনের উদ্যোগ সমাজের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “এককালীন সহায়তার পরিবর্তে টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করাই সময়ের দাবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘সম্বল’ প্রকল্প সেই লক্ষ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের যাকাত ও দান-সদকা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অসহায় মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব এবং এ ধরনের উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও জোরদার করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক জামাল উদ্দিন। তিনি বলেন, “‘সম্বল’ প্রকল্পের মাধ্যমে আমরা কেবল সহায়তা নয়, একটি পরিবারকে দীর্ঘমেয়াদে আয় করার সক্ষমতা তৈরি করছি। আমাদের লক্ষ্য—স্বাবলম্বিতা নিশ্চিত করা।”
তিনি জানান, লালমনিরহাটে এ কার্যক্রম বৃহত্তর পরিকল্পনার অংশ এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.