লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। আর সেই কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বলাইয়েরপাট খাল খনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে সারাদেশে ব্যাপক খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক খাল ভরাট হয়ে যায়, যা কৃষি ও পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। ফলে খাদ্য উৎপাদন কমে গিয়ে দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে।
সংসদ সদস্য আরও জানান, বর্তমান উদ্যোগের মাধ্যমে মৃত খালগুলোকে পুনরুজ্জীবিত করা হবে। খাল খননের পাশাপাশি দুই পাড়ে বনায়ন করা হবে। এতে খালে মাছ চাষের সুযোগ তৈরি হবে এবং সেচ কাজে পানি ব্যবহার করা যাবে, যা কৃষি উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে এবং এক ধরনের উন্নয়ন বিপ্লব ঘটবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহানুর রহমান, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.