লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
শনিবার (২ মে) দুপুর দেড়টার দিকে তিনি এই সীমান্ত বন্দর পরিদর্শন করেন।
এসময় শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে তিনি বন্দর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে দু’দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
আলোচনায় মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানির বিদ্যমান জটিলতা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য স্থলবন্দরে চালু থাকলেও এখানে নিষেধাজ্ঞায় রয়েছে, সেগুলো চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, বিজনেস ভিসাসহ বিভিন্ন ভিসা-সংক্রান্ত জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান সুবিধা-অসুবিধার বিষয়গুলোও তুলে ধরা হয়। বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান, ভারত ও ভুটান থেকে যেসব পণ্য অন্যান্য বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি হলেও বুড়িমারী স্থলবন্দর দিয়ে হয় না—সেসব বিষয় হাইকমিশনারকে অবহিত করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ভারতীয় সহকারী হাইকমিশনারের এই সফরে বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.