চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজ 'হাই ভোল্টেজ' ম্যাচ। নিজেরদের ঘরোয়া লিগ বুন্দেসলিগায় মারাত্মক ফর্মে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, উয়েফার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টায় প্যারিসে নিজেরদের মাঠে বাড়তি সুবিধা পাচ্ছে পিএসজি।
একদিকে রিয়াল মাদ্রিদকে ধুলোয় মিশিয়ে দেওয়া বায়ার্ন মিউনিখ, অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। আজ প্যারিসে কেবল ফুটবল হবে না, হবে দুই পরাশক্তির টিকে থাকার যুদ্ধ। যাকে বলা হচ্ছে সময়ের সেরা দুই অ্যাটাকিং মেশিনের সংঘাত। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৮ গোল তাদের ঝুলিতে। বায়ার্নের অ্যাটাকিং সাইডের মূল কারিগর হ্যারি কেইন।
বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, 'আমার মনে হয় সবসময় আমাদের প্রতিটি পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। তবে অনেকটা নির্ভর করে প্রতিপক্ষ তাদের খেলাটা কীভাবে সাজাচ্ছে তার ওপর। ম্যাচের প্রতিটি মুহূর্ত সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে পিএসজি যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাই তাদের হালকা ভাবে নেয়ার কিছু নেই। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।'
গতবার বিশ্বকে চমকে দিয়ে শিরোপা জিতেছিলো পিএসজি। এবারও সেই একই গতিতে ছুটছে লুইস এনরিকের শিষ্যরা। ব্যালন ডি’অর জয়ী ওসমান ডেম্বেলে আবারও তৈরি চেনা ছন্দে ম্যাজিক দেখাতে।
এদিকে পিএসজির কোচ লুইস এনরিকে জানান, এই ধরনের ম্যাচের জন্য আসলে কোনো দলকেই ফেভারিট বলা যায় না। চেলসি বা লিভারপুলের বিপক্ষে শেষ দুটি নকআউট রাউন্ডে আমরা যেমনটা খেলেছি, এটাও ঠিক তেমনই। তবে, ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলোই ব্যবধান গড়ে দেবে। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। বায়ার্নের বিপক্ষে খেলার কঠিন চ্যালেঞ্জ সম্পর্কেও আমরা সচেতন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.