
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিবারের পক্ষ থেকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করায় লিপি (২৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত লিপি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের চন্দ্র মোহন রায়ের মেয়ে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়।
পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেছিলেন। পরে দ্রুত পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লিপির ডিগ্রি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তাঁর বাবা জানান, পাত্রপক্ষ তাঁকে দেখতে আসবে। কিন্তু লিপি বিয়েতে আপত্তি জানান। এ নিয়ে মা-বাবার সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে অভিমান করে রাতে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জোরপূর্বক বিয়ের মতো সামাজিক সমস্যাকে আবারও সামনে নিয়ে এসেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.