ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ বরাবরই রোমাঞ্চকর। আর একাদশে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের উপস্থিতি সেই উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করে। আজ মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই-মুম্বাই, তবে রোহিত-ধোনিকে কি একাদশে দেখা যাবে?
চোটের কারণে এবারের আইপিএলে এখনো কোনো ম্যাচ খেলেননি ধোনি। একই কারণে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না রোহিতও। আজকের ম্যাচে এই দুইজনের অন্তত একজনকে দেখা যেতে পারে।
বুধবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে দীর্ঘক্ষণ কঠোর অনুশীলন করেছেন ধোনি। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটও করেছেন তিনি। ৪০ মিনিট উইকেটকিপিং করেছেন। ধোনির সামনে ব্যাট করেছেন সরফরাজ খান এবং উর্বিল প্যাটেল।
ধোনির এই অনুশীলন ইতিবাচক ইঙ্গিত দিলেও চেন্নাই তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ। বিশেষ করে তাদের হাতে স্যামসন এবং উর্বিলের মতো উইকেটকিপার থাকায়। ধোনি সম্পূর্ণ ফিট হলে তবেই তাকে ফেরানো হবে বলে জানা গেছে।
তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুম্বাই ম্যাচের আগে চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স বলেছেন, 'ধোনি খেলবে কি না সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার সে নিজেই নেবে। তৈরি থাকলে তবেই খেলবে।'
অন্য দিকে, রোহিতকে নিয়েও ঝুঁকি নিতে নারাজ মুম্বাই। তারা জানিয়েছে, রোহিতকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম্যাচের ঠিক আগে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, চেন্নাইয়ের বিপক্ষে রোহিতের ভালো রেকর্ডের কথা মাথায় রেখে তাকে খেলানো হতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.