রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম এবার ক্রিকেটেও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের এই তরুণ মিডফিল্ডার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর দল বার্মিংহাম ফিনিক্স-এর ১.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। প্রায় ১০ লাখ পাউন্ডের (বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি টাকার বেশি) এই চুক্তি আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বেলিংহামের এই বিনিয়োগ বার্মিংহামের সঙ্গে তার গভীর আবেগেরই প্রতিফলন। শহরের বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ২২ বছর বয়সী ফুটবলার ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। তিনি উরচেস্টারশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবে জুনিয়র পর্যায়ে খেলেছেন এবং একবার সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, সুযোগ পেলে তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে জায়গা বদল করতে চান!
গত বছর বার্মিংহাম ফিনিক্স ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির জন্য তোলা হয়। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট (যারা বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবেরও মালিক) দলটির ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয় প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডে। বাকি ৫১ শতাংশ রেখে দেয় ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।
নতুন চুক্তিতে বেলিংহাম উভয় পক্ষ থেকে ০.৬ শতাংশ করে শেয়ার কিনেছেন। ফলে ওয়ারউইকশায়ারের মালিকানা এখন ৫০.৪ শতাংশে নেমে এসেছে, আর নাইটহেড ক্যাপিটালের হয়েছে ৪৮.৪ শতাংশ। ওয়ারউইকশায়ার এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
বার্মিংহাম ফিনিক্সের মালিকানায় যুক্ত হওয়ার কারণ হিসেবে ইংলিশ এই মিডফিল্ডার বলেন, ‘যখন আমি এই দলের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেলাম, আমি দ্বিতীয়বার ভাবিনি এবং আমি এই যাত্রায় যুক্ত হতে পেরে খুবই খুশি। আমি বার্মিংহামকে ভালোবাসি। তারা আমার জন্য যা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আসলে পুরো বার্মিংহাম শহরই, অন্তত অর্ধেক তো বটেই! পুরো ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলই বলা যায়। সেখানেই আমি প্রচুর ফুটবল এবং ক্রিকেট খেলেছি, তবে বার্মিংহামের কথা বিশেষভাবে বলব কারণ আমি এই শহরের ক্লাবেই খেলেছি।’
ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলায় খেলতাম এবং এখন বড় হওয়ার পর খেলাটি আরও ভালো বুঝতে পারি, টিভিতে দেখি। ফুটবলের বাইরে ক্রিকেটই সম্ভবত আমার সবচেয়ে প্রিয় দেখার মতো জিনিস। নিশ্চিতভাবেই এটি আমার প্রিয় খেলা। আমি টেস্ট ম্যাচগুলো সবচেয়ে বেশি উপভোগ করি, যখন সারা দিন ধরে খেলা দেখা যায় অথবা অনুশীলন শেষে বিকেলে ফিরে এসে দেখতে পারি।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.