রংপুর থেকে অপহৃত সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুমিল্লার লালমাই থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় অপহরণকারী মো. তৌকির রহমানকে (১৯) গ্রেফতার করা হয়েছে। ২১ এপ্রিল, ২০২৬ তারিখ বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার লালমাই থানার পূর্ব অশোকতলা গ্রামের জনৈক ক্বারী আজিজের বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. তৌকির রহমান রংপুর জেলার কোতয়ালী থানার পূর্ব বোতলাপাড়া গ্রামের মো. রাহেল মিয়ার ছেলে। উদ্ধার হওয়া ভিকটিম মোছাঃ আয়শা সিদ্দিকা (১৪) একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্কুলে যাতায়াতের সময় ধৃত আসামি মো. তৌকির রহমান তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করাসহ প্রেম-ভালোবাসার প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তার বাবা আসামিকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে তৌকির ভিকটিমকে অপহরণের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল সকাল ৮টার দিকে স্কুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় ভিকটিম বাড়ি থেকে বের হলে সকাল ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তৌকির তার ৩-৪ জন সহযোগীর সহায়তায় ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অপরিচিত অটোযোগে নিজ বাড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার বাবা গত ১০ এপ্রিল রংপুর মহানগরীর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-১৫)।
মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভিকটিম উদ্ধার ও আসামিদের ধরতে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লার লালমাই থানায় অভিযান পরিচালনা করে তৌকিরকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপহরণ, হত্যা, ধর্ষণসহ যেকোনো ধরনের সামাজিক অপরাধ দমনে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.