কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র্যাব-১৩-এর অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। রোববার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক ব্যক্তি হলেন মৃত ফজলুল হকের ছেলে আতিকুর রহমান নয়ন (৫০)। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর কোম্পানির একটি দল ভোর ৪টার দিকে অভিযান চালায়। এ সময় আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে তল্লাশি করে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাকে আটক করা হয়।
রংপুর র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, আটক আসামি ও জব্দকৃত আলামত ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাব কর্মকর্তারা আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.