আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে
অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের তীব্রতার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
ঝড়ো হাওয়ার আশঙ্কায় রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট এলাকার নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশেও মেঘলা আকাশ ও গুমোট গরম অনুভূত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি হলে তাপমাত্রার কিছুটা অবনতি ঘটে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.