ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও ২৫ শিশুকে ভর্তি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ রোগী। এখন হাসপাতালে মোট ৮৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪৮২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে মোট ৩৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ১৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল।
এদিকে সোমবার (১৩ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ১ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৩ শিশুর মৃত্যু হলো।
গত শনিবার (১১ এপ্রিল) জামালপুরের সরিষাবাড়ি থেকে হামের উপসর্গ নিয়ে ৭ মাসের শিশু হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার (১৩ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া এবং হৃদরোগ ছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.