লালমনিরহাট, ১৫ এপ্রিল: র্যাব-১৩-এর মাদকবিরোধী অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ১৪ এপ্রিল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি আশরাফুল হোসেনের বসতবাড়ির পাশে টিনশেড রান্নাঘরের সামনে উঠান থেকে ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) এবং ৯৪ বোতল এস্কাফ (ESkuf) জব্দ করা হয়।
অভিযানকালে মোছাঃ শিউলী (৩৯) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পলাতক আশরাফুল হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.