শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষাকেন্দ্রও দেখা সম্ভব। আমি ক্লাসগুলো দেখব শিক্ষকরা কী করেন, ছাত্ররা কী করে। কারণ আমাদের মনিটর করতেই হবে, এর কোনো বিকল্প নেই।’
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগারি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইলেকট্রিনিক ডিভাইস বা অন্য কিছু, এগুলোর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। এবার বেশি কিছু করার দরকার নেই, আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়। এই ব্যাপারে ভুল বোঝা যাবে না।
আজকে পলিটেকনিকে শিক্ষার্থীরা অভিযোগ করল, ঠিকমতো ক্লাস হয় না। আবার শিক্ষকরা অভিযোগ করলেন, ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন, রেকর্ডিং থাকবে হাতে।’
প্রতিটি ক্লাসরুমে ক্যামেরা পদ্ধতি থাকতে হবে বলে মত এহছানুল হক মিলনের।
তিনি বলেন, ‘তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহী বসে বোর্ড ক্লাসগুলো দেখতে পারব ক্লাসরুমে ক্লাস হচ্ছে কি না। শিক্ষক ঠিকমতো আসেন কি না, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কি না—এগুলোকে আমরা বিবেচনায় আনব। সেই সঙ্গে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে।’
তিনি আরো বলেন, ‘এবার প্রধানমন্ত্রী বলেছেন, বাজেটে শিক্ষা খাতে পাঁচ পার্সেন্ট দেবেন। পাঁচ পার্সেন্ট অনেক।
এই গত বাজেটেই দেখলাম টাকা ফেরত যাচ্ছে, কাজে লাগাতে পারছে না। আমি এসে পাঁচ পার্সেন্ট, প্রায় ডাবল হয়ে যাবে বাজেট। আমরা পর্যায়ক্রমে শিক্ষা খাতের বাজেট বৃদ্ধি করতে চাই।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.