আইপিএল ২০২৬-এ নিয়মিতই ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং আক্রমণকে কার্যত তছনছ করে দিয়েছেন এই ১৫ বছর বয়সী ওপেনার। জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারের মতো বিশ্বমানের বোলারদের বিপক্ষেও কোনো ভয় না পেয়ে নিজের স্বাভাবিক খেলাই খেলেছেন তিনি এবং সেটাই এখন তার সবচেয়ে বড় শক্তি।
মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করার পর থামেননি সূর্যবংশী। শেষ পর্যন্ত ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যা তার আধিপত্যই প্রমাণ করে। চলতি মৌসুমে তার ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছে, কোনো বোলার বা নাম- কিছুই তাকে প্রভাবিত করছে না; নিজের জোনে যা পাচ্ছেন, সেটাকেই সীমানার বাইরে পাঠাচ্ছেন।
এক পর্যায়ে মনে হচ্ছিল, তিনি বুঝি আইপিএলে ক্রিস গেইলের ৩০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলবেন। ২৪ বলেই পৌঁছে যান ৭৮ রানে। তবে শেষ পর্যন্ত সেই রেকর্ড অক্ষত রাখেন ক্রুনাল পান্ডিয়া। ২৬তম বলে ঠিকমতো টাইমিং করতে না পারায় লং-অন এলাকায় বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে থামতে হয় তাকে।
শুরু থেকেই আগ্রাসী ছিলেন সূর্যবংশী। হ্যাজলউডের বিপক্ষে প্রথম চার বলেই তুলে নেন ১৮ রান- টানা তিনটি চার ও একটি বিশাল ছক্কা। ভুবনেশ্বর কুমারও রেহাই পাননি, তার ওভারেও টানা ছক্কা হাঁকান এই তরুণ। ১৫ বলেই ফিফটি পূর্ণ করে চলতি মৌসুমে নিজেরই আগের কীর্তির পুনরাবৃত্তি করেন তিনি।
আইপিএলে ভারতীয়দের দ্রুততম ফিফটি (বল অনুযায়ী)
১৩ — যশস্বী জয়সওয়াল (রাজস্থান) বনাম কলকাতা, ২০২৩
১৪ — কেএল রাহুল (পাঞ্জাব) বনাম দিল্লি, ২০১৮
১৫ — ইউসুফ পাঠান (কলকাতা) বনাম হায়দরাবাদ, ২০১৪
১৫ — বৈভব সূর্যবংশী (রাজস্থান) বনাম চেন্নাই, ২০২৬
১৫ — বৈভব সূর্যবংশী (রাজস্থান) বনাম বেঙ্গালুরু, ২০২৬
তার এই ঝড়ো ইনিংসে ম্যাচের চিত্রই বদলে যায়। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান খুব দ্রুতই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সূর্যবংশী আউট হওয়ার সময় স্কোর ছিল মাত্র ৮.১ ওভারে ২ উইকেটে ১২৯। শেষ পর্যন্ত রাজস্থান ম্যাচটি জিতে নেয় ২ ওভার হাতে রেখেই। এদিকে সূর্যবংশীর ঝড়ো এই ইনিংসে এখন আইপিএলে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন তিনি।
৪ ম্যাচে ২৬৬ স্ট্রাইক রেটে তিনি করেছেন ২০০ রান। ফিফটি করেছেন ২টি। ১৮ টি চারের সঙ্গে তিনি মেরেছেন ১৮টি ছক্কাও। এ তালিকায় সূর্যবংশীর পরে আছেন যশ্বসী জয়সোয়াল। ৪ ম্যাচে তাঁর রান ১৮৩।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.