লালমনিরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোলাপ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নবম শ্রেণির এক ছাত্রী এবং আসামি তার প্রতিবেশী। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোলাপ মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে নিজ বসতবাড়িতে নিয়ে যায় এবং শোয়ার ঘরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় আসামি।
এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট সদর থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৮)।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি আত্মগোপনে ছিল। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং এর গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত প্রায় ৯টা ৫০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার নর্থ বেঙ্গল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধর্ষণ মামলার পলাতক আসামি গোলাপ মিয়া (৩০), পিতা—জোনাব আলী, গ্রাম—পশ্চিম আমবাড়ি মহেন্দ্রনগর, থানা—লালমনিরহাট সদর, জেলা—লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.