জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি লুইস সুয়ারেজ। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরও তিনি জানিয়েছেন, দেশের ডাকে কখনও ‘না’ বলবেন না।
উরুগুয়ের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, জাতীয় দলে খেলার ইচ্ছা এখনও তার মধ্যে কাজ করে। সামনে বিশ্বকাপ থাকায় বিষয়টি নতুন করে ভাবাচ্ছে তাকে। প্রয়োজনে আবারও জাতীয় দলে ফেরার দরজা খোলা রেখেছেন তিনি।
সুয়ারেজ বলেন, ‘জাতীয় দল তো সব সময়ই এমন কিছু, যেটা আপনি চান। এটা নিয়ে আপনি আজই ভাবতে শুরু করতে পারেন। এটা আপনার মনে খেলা করতেই পারে। যেহেতু বিশ্বকাপ খুব বেশি দেরি নেই। যদি আপনাকে প্রয়োজন পড়ে, কী করবেন? আমি কখনোই আমার দেশকে না বলব না।’
তিনি আরও বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য এবং মনে হয়েছিল, আমি আর দলকে আগের মতো সাহায্য করতে পারছি না। কিন্তু যদি তারা আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনোই না বলব না, যতদিন আমি খেলছি, ততদিন এই দরজা খোলা।’
উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড ১৪৩ ম্যাচে ৬৯টি গোল করেছেন। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর সরে দাঁড়ালেও জাতীয় দল থেকে দূরে থাকা তার জন্য সহজ হয়নি বলেও স্বীকার করেছেন তিনি।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন সুয়ারেজ। ২০২৬ মেজর লিগ সকার মৌসুমে সম্প্রতি নিজের প্রথম গোলও পেয়েছেন তিনি। কোচ হাভিয়ের মাসচেরানো তার পারফরম্যান্সের প্রশংসা করে জানিয়েছেন, দলের আক্রমণে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.