দিনাজপুরের ঘোড়াঘাটে প্রশাসন সম্প্রতি তেল সংকট মোকাবিলায় বিশৃঙ্খলা এড়াতে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আর তাতেই বিপাকে পড়েন ফরিদুল (৫৫) নামে এক কৃষক। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সমস্যার সমাধানের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির হন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষককে মাথায় জেনারেটর নিয়ে ঘুরতে দেখা যায়।
ফরিদুল ইসলাম উপজেলার সিংড়া ইউনিয়নের খাইরুল গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।
মাথায় জেনারেটর নিয়ে আসার কারণ জানতে চাইলে ফরিদুল জানান, তার ৫ বিঘা ধানের জমি আছে। জেনারেটর দিয়ে তাকে জমিতে সেচ দিতে হয়। আর জেনারেটর চালাতে ডিজেল লাগে। আগে পাম্প থেকে ট্যাংকিতে করে তেল নিয়ে আসতাম। এখন আর দিচ্ছে না।
তিনি আরও জানান, বড় স্যারেরা নিয়ম করেছে তেলের কার্ড করতে হবে। তার প্রমাণ হিসাবে জেনারেটর মাথায় করে নিয়ে এসেছি। এজন্য কৃষি স্যারের কাছে একটা লিখিত আবেদন নিয়ে এসেছি।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, ফরিদুল নামে ওই কৃষকের আবেদনের সত্যতা পাওয়া গেছে। যাতে তার জমিতে নির্বিঘ্নে সেচ দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.