বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল আমিন তালুকদার।
ভোট চলাকালে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের নানা অভিযোগ তোলেন। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। তবে অনিয়মের অভিযোগ তুললেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে টিকে থাকার ঘোষণা দেন সোহেল। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মাঠ ছাড়ছি না। ফলাফল নিয়েই বাড়ি ফিরব।’
বিশেষ প্রয়োজনে মোতায়েন ছিল ডগ স্কোয়াডও।
এবারের উপনির্বাচনে মোট ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি বুথে ভোট দিয়েছেন ভোটাররা।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ভোট গ্রহণ শেষে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে ফলাফল তৈরির কাজ চলছে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.