পাকিস্তানের ইসলামাবাদে আগামী শুক্রবার (১০ এপ্রিল) বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পোস্টে শেহবাজ বলেন, ‘আমি উভয় দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী শুক্রবার ইসলামাবাদে তাদের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সব বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া যায়।’
এছাড়াও, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ইরানের ১০ দফা প্রস্তাবকে ভিত্তি করে আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে।
ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে এবং তারা বিশ্বাস করে যে এটি ‘আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি’।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘প্রায় সবকটি বিরোধপূর্ণ বিষয়ে’ একমত হয়েছে এবং এই দুই সপ্তাহ চুক্তিটি ‘চূড়ান্ত ও সম্পন্ন’ করার সুযোগ দেবে।
জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির সম্মতির বিষয়টি নিশ্চিত করেন।
আরাঘচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল সম্ভব হবে। ট্রাম্প ইরানের ১০ দফা প্রস্তাবের সাধারণ রূপরেখাকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছিল, যার প্রভাব পড়ে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে।
সংঘাত শুধু ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও এতে জড়িয়ে পড়ে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.