দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১২ মন ঘোড়ার মাংস জব্দ করা হয়।
শুক্রবার নবাবগঞ্জে উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাংসগুলো জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাটিতে পুঁতে ধ্বংস করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেন, বাজার থেকে আমরা যে মাংস কিনছি, সেটি আসলে কোন প্রাণীর তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।তারা এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের নজরদারি আরও জোরদারের দাবি জানান।
স্থানীয়দের দাবি, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি এবং কঠোর আইন প্রয়োগ জরুরি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.