‘আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য’—এই প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের এই দিনে তৎকালীন প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০১২ সাল থেকে প্রতি বছর দিবসটি উদযাপিত হয়ে আসছে।
প্রতি বছরের মতো এবারও জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসি সেজেছে রঙিন সাজে।
চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। দিনটি পালনে এফডিসি কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, সকাল ১০টায় দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন। চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল সাড়ে ১০টায়।
সকাল ১১টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ২টায় বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানান, প্রস্তুতির জন্য সময় কিছুটা কম পাওয়া গেলেও তারা সাধ্যমতো এফডিসি সাজানোর চেষ্টা করেছেন। চলচ্চিত্র জগতের সব স্তরের মানুষকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।
সবাইকে নিয়ে একটি উৎসবমুখর পরিবেশে দিনটি কাটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.