ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক টানছে ছবিটি, একইসঙ্গে ব্যবসাও করছে। দর্শক আগ্রহে দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ শো নিয়ে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে সিনেমাটি।
মুক্তির মাত্র এগারো দিনেই ৩ কোটির ক্লাবে প্রবেশ করেছে তারকাবহুল এই সিনেমাটি।
এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’ এর গ্রস কালেকশন ৩ কোটি ৭ লাখ টাকা।
এর মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে গ্রস আয় ২ কোটি ৪৬ লাখ, ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার এবং কে স্ক্রিন থেকে আয় করেছে ৫ লাখ ৫৮ হাজার টাকা।
পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়।
প্রত্যেক দর্শক যারাই আসছেন তারা তাদের বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। সবাই দলবেঁধে দেখতে আসছেন। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের। দর্শকরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন।
’
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি শো চলছে, এরমধ্যে আজকে বৃহস্পতিবার চলছে ৩৩টি শো। লায়ন সিনেমাসে ২টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শোতে চলছে ‘বনলতা এক্সপ্রেস’।
তবে অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। সিনেমাটির টিকিট পাচ্ছে না বলে অভিযোগ অনেক দর্শকের। তারা সিনেমার শো আরো বাড়ানোর দাবি তুলছেন।
উল্লেখ্য, একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.