পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটে দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ চান মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে ফাঁকা স্থান থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ২৯ কেজি, দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি মূর্তিটি পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন এবং পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা ছিল।
র্যাব আরও জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান রোধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.