ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন ছিল গত শনিবার (২৮ মার্চ)। বিশেষ এই দিনে দেশ-বিদেশের অগণিত ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলা উন্মাদনা ও শুভেচ্ছার জোয়ারে অভিভূত হয়ে এবার এক আবেগঘন বার্তা দিয়েছেন এই মেগাস্টার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভক্তদের উদ্দেশে শাকিব খান লিখেছেন, গতকাল আমার জন্মদিনে দেশের ভেতর ও বাইরে থেকে আসা অগণিত ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছায় আমি এখনও অভিভূত। আমার পাশে থাকার জন্য এবং এই বিশেষ দিনটি এত উষ্ণতার সাথে উদযাপনের জন্য সকল শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই ভালোবাসাই আমার শক্তি, এই সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি কথা দিচ্ছি, আপনাদের সবসময় আমার সেরাটা দিয়ে যাব। কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যিই ধন্য।
বর্তমানে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে রাজত্ব করছেন শাকিব খান। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তবে ‘প্রিন্স’ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন চমক নিয়ে হাজির হলেন এই নায়ক। তার নতুন সিনেমা ‘রকস্টার’ এর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন তিনি। এর আগে নির্মাতা পক্ষ থেকে কথা দেওয়া হয়েছিল শাকিবের জন্মদিনেই ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হবে। সেই কথা রাখতেই মেগাস্টার নিজে সকালে পোস্টারটি ভক্তদের উপহার দেন।
বর্তমানে মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সেখানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। যেখানে তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.