ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ঝড় তুলে ‘দম’ এবার সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে পাড়ি জমাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১০ এপ্রিল থেকে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে ‘দম’। ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রযোজক শাকিল জানান, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এক সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে ‘দম’ মুক্তি দেওয়া হবে।
বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, ‘উত্তর আমেরিকার দর্শক বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছে। এটি আমাদের ৫৩তম পরিবেশনা। দর্শকদের ভালোবাসার কারণেই আমরা এতদূর আসতে পেরেছি।‘
বর্তমানে সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সাথে চলছে এবং এরই মধ্যে অস্ট্রেলিয়ার সিনেপ্লেক্সগুলোতে প্রবাসী দর্শকদের নজর কেড়েছে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং চরকি সহপ্রযোজিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।
এবার দেখার বিষয়, সুদূর লস অ্যাঞ্জেলেস আর নিউ ইয়র্কের দর্শকদের হৃদস্পন্দন কতটা বাড়িয়ে দেয় আফরান নিশো অভিনীত এই ‘দম’।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.