লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৫টা ৩৫ মিনিটে আদিতমারী থানার ২ নম্বর ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুকদুলালী (ঝাড়িরঝাড়) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সাইফুল ইসলাম (৪৫) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচে রাখা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্স। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা-মৃত আছির উদ্দিন, গ্রাম-তালুকদুলালী (ঝাড়িরঝাড়), থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.