দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দেশের পুরানো চারটি বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে এই সুপারিশে।
বুধবার দুপুরে এই সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং সরকারের কার্যপরিধি ব্যাপক হওয়ার ফলে বর্তমান প্রশাসনিক ও স্থানীয় সরকার কাঠামো যথেষ্ট বলে মনে হচ্ছে না। অপরদিকে, এককেন্দ্রিক ব্যবস্থায় মন্ত্রণালয় পর্যায়ে বহু কাজ সম্পাদন করা হয়। ক্ষমতার প্রত্যর্পণ (ডেলিগেশন) বিবেচনায়, দেশে বিশাল জনসংখ্যার পরিষেবা ব্যবস্থা আরও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশের পুরানো চারটি বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা যেতে পারে। এর ফলে এককেন্দ্রিক সরকারের ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ কমে যাবে এবং রাজধানী ঢাকা শহরের ওপর চাপও কমবে।
এছাড়া, কুমিল্লা এবং ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়েছে। আরো একটি প্রস্তাব হলো ঢাকা ও নারায়ণগঞ্জকে একত্রিত করে 'গ্রেটার সিটি ঢাকা' নামে একটি নতুন রাজধানী শহর গঠনের সুপারিশ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।