
দিনাজপুর ও গাইবান্ধা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার ভোর ৫টায় বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মোশারফ হোসেন বাবু, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার উপ-পরিদর্শক আমির হুসাইন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.