প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছেন মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই ছিল বাড়তি যাত্রীচাপ। আর চাহিদা বেশি থাকায় অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বাসের টিকিট।
রোববার (২২ মার্চ) সকালে টার্মিনাল ঘুরে দেখা গেছে এমন চিত্র। রংপুর, খুলনা, রাজশাহী, ঠাকুরগাঁও, বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য ভিড় করছেন ঘরমুখো মানুষ।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বাস কাউন্টারে টিকিট সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। কর্মস্থল থেকে দেরিতে ছুটি পেয়ে অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন। ঈদের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে তুলনামূলক যাত্রীর চাপ বেশি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
স্ত্রীকে নিয়ে রংপুরের পীরগঞ্জে যাবেন বেসরকারি চাকরিজীবী রবিউল ইসলাম। এজন্য সকাল সকাল কাউন্টারে আসেন। তিনি বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই টিকিট কাটতে পেরেছি। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হয়েছে।
যাত্রীচাপ বেশি থাকায় ২০ মিনিটেই একটি বাসের সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে বলে জানান সোহাগ পরিবহনের কাউন্টারের কর্মরত আবু কায়েস শান্ত। তিনি বলেন, আজ প্রচুর যাত্রী। আধা ঘণ্টা হয়নি একটি বাস ছেড়ে গেল। এর মধ্যেই আরেকটি বাসের সব টিকিট শেষ। মূলত যশোর, মাগুরা, সাতক্ষীরা হয়ে খুলনাগামী যাত্রীই বেশি।
এদিকে, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে টার্মিনালজুড়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঈদের দ্বিতীয় দিনেও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.