মেয়েদের ফুটবলে নতুন একটি নিয়ম আনতে চলেছে ফিফা। যা অনুযায়ী, ফিফার মেয়েদের ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দলে অবশ্যই অন্তত একজন নারী প্রধান কোচ বা সহকারী কোচ থাকতে হবে। এবছর অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ মেয়েদের বিশ্বকাপ এবং নারী চ্যাম্পিয়ন্স কাপ প্রতিযোগিতা চলাকালীন নিয়মগুলো কার্যকর শুরু হবে।
বৃহস্পতিবার ফিফা কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কোচিংয়ে নারী প্রতিনিধিত্বের দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের সময় প্রতিটি দলের বেঞ্চে থাকা অন্তত দুজন স্টাফ সদস্য অবশ্যই নারী হতে হবে। যাদের মধ্যে একজন সহকারী কোচ বা প্রধান কোচের দায়িত্বে থাকবেন। এ নিয়মটি ক্লাব ও জাতীয় দলসহ সকল যুব ও সিনিয়র টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।
২০২৩ সালের মেয়েদের বিশ্বকাপে ৩২ জন প্রধান কোচের মধ্যে ১২ জনই ছিলেন নারী, যাদের মধ্যে ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান ছিলেন অন্যতম। ফিফার প্রধান ফুটবল কর্মকর্তা জিল এলিস বলেছেন, ‘বর্তমানে কোচিংয়ে যথেষ্ট সংখ্যক নারী নেই। তারা সুস্পষ্ট পথ তৈরি করে, সুযোগ প্রসারিত করে এবং মাঠের বাইরে নারীদের দৃশ্যমানতা বাড়িয়ে তোলে।’
নতুন ফিফা বিধিমালা এবং লক্ষ্যভিত্তিক উন্নয়ন কর্মসূচিগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নারী কোচদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখছে ফিফা। ফুটবলের অভিভাবক সহস্থা আশা করছে, এই নতুন নিয়মাবলীর ফলে নারী প্রতিনিধিত্ব দ্রুত বৃদ্ধি পাবে। যার মধ্যে ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা ২০২৭ মেয়েদের বিশ্বকাপও পুরোপুরি অন্তর্ভুক্ত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.