সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর জেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অর্ধশতাধিক স্থানে অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর জেলার প্রায় ৫০টির মতো স্থানে আগাম ঈদের জামাত আদায় করা হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।
শুক্রবার সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক আবু তাহের।
এছাড়া শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগসহ বিভিন্ন এলাকা এবং জেলার বোচাগঞ্জ, বিরল, কাহারোল, বিরামপুর ও চিরিরবন্দর উপজেলার একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে বোচাগঞ্জের ছাতইর, বিরলের ভাড়াডাঙ্গি, কাহারোলের জয়নন্দ গ্রাম ও তের মাইল এলাকা, বিরামপুরের আয়রা বাজার জামে মসজিদ ও খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ, চিরিরবন্দরের রাবারড্যাম এলাকা এবং বিরলের বালাদার গ্রাম।
প্রতিটি জামাতে গড়ে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। সব মিলিয়ে জেলায় প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
মুসল্লি শরিফুল ইসলাম বলেন, আমরা চাই বিশ্ব মুসলিম উম্মাহ একসঙ্গে একই দিনে ঈদ উদযাপন করুক। এতে ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় হবে।
অন্যদিকে হলি কোরআন মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বে একটাই চাঁদ। সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে তারা রোজা শুরু করে এবং ঈদ উদযাপন করে। সেই প্রেক্ষিতে তাদের অনুসরণ করার যৌক্তিকতা রয়েছে।
নামাজের ইমাম আবু তাহের বলেন, পৃথিবী একটাই, আর সৌদি আরবও সেই পৃথিবীর অংশ। তাই আমরা একই দিনে ঈদ উদযাপনের চেষ্টা করি, যাতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়।
স্থানীয়দের মতে, প্রতি বছরই এ ধরনের আগাম জামাত অনুষ্ঠিত হলেও এবার অংশগ্রহণকারীর সংখ্যা ও আয়োজনের পরিধি আগের তুলনায় বেড়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.