
নীলফামারীর পলাশবাড়ী এলাকায় মের্সাস হক ফিলিং স্টেশনে অবৈধভাবে ড্রামে করে ডিজেল ও পেট্রোল সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিককে বাধা দেওয়া এবং মব সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হক ফিলিং স্টেশন-এ নিয়মবহির্ভূতভাবে ড্রামে তেল ভরার ঘটনা ঘটছিল। এ সময় ঘটনাটি ধারণ করতে গেলে স্টেশন কর্তৃপক্ষের লোকজন সাংবাদিককে ঘিরে ফেলে এবং ভিডিও করতে বাধা দেয় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক ভিডিও ধারণ শুরু করলে কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন এবং সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমরা নিয়মমতো লাইনে দাঁড়িয়ে তেল পাই না, কিন্তু ড্রামে করে তেল দেওয়া হচ্ছে। সাংবাদিক ভিডিও করতে গেলে তাকে বাধা দেওয়া হয়েছে, এটা দুঃখজনক।”
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, এ ধরনের অনিয়মের কারণে সাধারণ মানুষ জ্বালানি সংকটে ভুগছেন। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পলাশবাড়ী বাজারে নুরনবী নামে একজন মোটরসাইকেল চালক বলেন, আমি তেল নিতে আসছি তবে তারা আমাদের তেল না দিয়ে ড্রামে তেল ঢুকাতে ব্যস্ত ছিলো। এভাবে অবৈধভাবে রাতে তারা তেল বিক্রি করছে।
রফিক নামে এক পথচারী বলেন, এরা রাতের আধারে এভাবে অবৈধভাবে তেল বিক্রি করে। প্রতিবাদ করলে তারা মব সৃষ্টি করে।
তবে এই বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এই বিষয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ কে মুঠোফোনে একাধিক বার কল দেয়া হলেও তিনি রিসিভ করিনি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.