
নীলফামারীর সৈয়দপুরে কয়েকজন ব্যবসায়ী সৃষ্টি করেছেন অনন্য নজির। রমজানে নিত্যপণ্যের অস্থির বাজারের স্বল্পমূল্যে পণ্য বিক্রি করছেন। শুধু তাই নয়, মাত্র ২০ টাকায় সেহরির ব্যবস্থাও করেছেন তারা। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
চলছে পবিত্র রমজান মাস। মহিমান্বিত এই মাসে রোজাদারদের ইফতারে থাকে নানা ধরনের আইটেম। কেউ বাড়িতে তৈরি করেন কেউবা দোকান থেকে কিনে নেন চাহিদামতো। সৈয়দপুরের রেস্টুরেন্টগুলোও নানা ধরণের পণ্যের পসরা সাজিয়ে বসেন ইফতারিতে। ছোলা, মুড়ি, বুন্দিয়া, জিলাপি, বেগুনীর পাশাপাশি থাকে নানা ধরণের মিষ্টান্ন ও কাবাব। পাঁচ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত নানা ধরণের ইফতার সামগ্রী বিক্রি হয় দোকানগুলোতে।
তবে রোজাদারদের তৃপ্তির কথা মাথায় রেখে সৈয়দপুরে কয়েকজন ব্যবসায়ী কম দামে বিক্রি করছেন ইফতার। কলিম মোড়ের বাবু হোটেল। গত বছর থেকে প্রায় অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রি করছেন তারা। পিঁয়াজু, আলুর চপ, বেগুনি, ধনিয়া পাতার চপ, পাপড় বিক্রি হচ্ছে দুই টাকা প্রতিটি। এছাড়া জিলাপি, বুন্দিয়া, ছোলা, মালপোয়া, ছানার পোলাও বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। অন্য দোকানগুলোতে যেগুলোর দাম প্রায় দ্বিগুণ। এছাড়াও ২০ টাকায় মিলছে সেহরি। এবছর নতুন সংযোজন মোরগ পোলাও বিক্রি হচ্ছে মাত্র ৭০ টাকায়।
ক্রেতারা জানান, যেখানে অন্যান্য জায়গায় সবাই দাম বাড়িয়ে দিতে চায় সেখানে এ উদ্যোগটা খুবই ভালো। কম দামে ভালো খাবার পাওয়া যাচ্ছে।
বাবু হোটেলের এই কাজে উদ্বুদ্ধ হয়ে শহরের আরও ৫ থেকে ৭টি খাবারের দোকান দাম কমিয়ে দিয়েছে। কেউ বিক্রি করছে দুই টাকায়, কেউ তিন টাকায়। বিক্রেতাদের দাবি সারা বছর ব্যবসা করলেও এই এক মাস সওয়াবের উদ্দেশ্যেই দাম কমিয়েছেন তারা।
বিক্রেতারা জানান, মূল কাজ হলো জনগণের সেবা করা। কম দামে ভালো খাবার পাবে তারা। বেচা-কেনাও ভালো হয় ইফতারির সময়ে।
এই বিক্রেতারা আশা রমজান মাসে দাম বাড়ানোর সংস্কৃতি থেকে বের হয়ে আসবে ব্যবসায়ীরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.