নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানি সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেরুন্নেসা হাই স্কুলের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নূর আলম মামুন জানান, সকালে পুকুর সেচ দেয়ার সময় কচুরিপানার ভেতরে মরদেহটি উপুড় অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। এলাকায় খোঁজ নিয়ে এখন পর্যন্ত নিখোঁজ হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.