
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে দিনাজপুরে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, দিনাজপুরের আয়োজনে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। র্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনা মানুষকে বলে কয়ে আসে না। আমাদের দেশে নানারকম প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে। এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, আগুন লাগলে বা বন্যার মতো দুর্যোগ দেখা দিলে কী করতে হবে সে বিষয়ে পরিবারের সদস্যদের মাঝে সচেতনতামূলক আলোচনা করা প্রয়োজন। ফায়ার সার্ভিসের দেখানো দুর্যোগকালীন করণীয় বিষয়গুলো বিভিন্ন স্কুল, হাট-বাজার ও জনসমাগম স্থানে প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ জানে আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ।
এ সময় উপস্থিত কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.