
কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নবায়ন ও প্রবেশ সংক্রান্ত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে খোলা চিঠি দিয়েছেন এক শিক্ষার্থী নেতা। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভিসা নবায়ন ও দেশে-বিদেশে যাতায়াতে নানা বিধিনিষেধের কারণে শত শত বাংলাদেশি শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
খোলা চিঠিটি লিখেছেন কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও গ্লোবাল হেলথ নেটওয়ার্ক অর্গানাইজেশনের সভাপতি সালমান ফারসী সিয়াম। তিনি উল্লেখ করেন, বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সেখানে পড়াশোনা করলেও বর্তমানে ভিসা সংক্রান্ত জটিলতায় তাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
চিঠিতে বলা হয়, অনেক শিক্ষার্থী ছুটিতে বাংলাদেশে এসে আবার কিরগিজস্তানে ফিরতে পারছেন না। আবার কেউ কেউ ভিসা নবায়নের জটিলতায় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না। এতে করে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে।
খোলা চিঠিতে তিনটি দাবির কথা তুলে ধরা হয়। এগুলো হলো—কিরগিজস্তান সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে দ্রুত আলোচনা করে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতার সমাধান করা, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে কিরগিজস্তানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া এবং বর্তমানে দেশে আটকে থাকা বা ভিসা সমস্যায় পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখার স্বপ্ন দেখেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
শেষে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর উদ্যোগে এ সংকট দ্রুত সমাধান হবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.