টেকনাফের সেন্টমার্টিনের পশ্চিম বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বোল মাছ।
শুক্রবার (০৬ মার্চ) জুমার পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাজারে মাছটি কেটে বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে।
এর আগে বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যায় মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী মৎস্য ঘাটে তোলা হয়। পরে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়।
মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, মো. রাসেলের মালিকানাধীন একটি ট্রলার ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ শিকারে বের হয়। এতে সেন্টমার্টিনের পশ্চিম বঙ্গোপসাগর এলাকার ঘেরা জালে বড় আকৃতির বোল মাছটি ধরা পড়ে। ট্রলারটি মাছ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফে ফিরে আসে।
সিরাজুল ইসলাম বলেন, আমি এবং জাফর মিলে মাছটি খরচসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটির ওজন ২০০ কেজির মতো।
টেকনাফ উপজেলা উপ-সহকারী মৎস্য অফিসার শহীদুল আলম বলেন, বর্তমানে টেকনাফের জেলেরা সাগর থেকে ভালো ও বড় আকারে বেশ কিছু সুস্বাদু মাছ পাচ্ছে। এতে তারা খুশি। সাগরের নিয়মকানুন মেনে জাল ফেলায় তাদের এ সাফল্য।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.