গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত প্রায় ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট সংলগ্ন নিপন গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবল মো. সাহমুল হক শান্ত (২৩) ২০২০ ব্যাচের সদস্য। তিনি বর্তমানে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (POM)-এ কর্মরত এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)-এর অধীনে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তারাকান্দি এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কনস্টেবল শান্ত ব্যক্তিগত প্রয়োজনে টঙ্গী এলাকায় অবস্থানকালে রাত ১১টার দিকে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ২-৩ জন ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীদের একজন ধারাল অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। গলায় গভীর ছুরিকাঘাতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতা ধাওয়া করে রনি (২৬) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত কনস্টেবল শান্তকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার গলায় গভীর ক্ষত রয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ঘটনার পর টঙ্গী পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত আটক ব্যক্তিকেও প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান বলেন, আসামিকে আমরা শনাক্ত করেছি। তাকে আটক করা হয়েছে। নিয়মিত চিকিৎসা দিয়ে মামলা দায়ের করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.