
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সোরহাব আলী প্রামাণিকের বাড়ির দক্ষিণ পাশের উঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা সরকারি খাস পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী (৫০) ও ধামাইনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) মধ্যে বিরোধ চলে আসছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে দুই পক্ষ ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল (৭০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর আনুমানিক ২টার দিকে মারা যান। একই সময় আব্দুস সালাম (৬০) নামের একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ সালেও ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা না হলেও মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। মরদেহগুলো হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্তের কাজ চলমান রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.