সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা একাধিক বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। পাশাপাশি তারা আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন। সংস্থাটির নিজস্ব প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১ মার্চ) সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।
এরও আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
এদিকে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর আলজাজিরার।
ইসরায়েলের দাবি অনুযায়ী, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.