এফএ কাপে পেদ্রো নেটোর হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে চেলসি। হাল সিটিকে হারিয়ে পঞ্চম রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে লিয়াম রোসেনিওরের দল।
প্রতিপক্ষের মাঠ এমকেএম স্টেডিয়ামে শুক্রবার রাতে চেলসির জয় ৪-০ ব্যবধানে। হ্যাটট্রিক করেন নেটো। অন্য গোলটি আসে এস্তেভাও উইলিয়ানের পা থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখিয়েছে চেলসি। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন এস্তেভাও।
গোল পেতে ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় চেলসিকে। মধ্যমাঠ থেকে কাইসেদো ও ডেলাপের সঙ্গে বল দেওয়া নেওয়া করে উপরে উঠেন নেটো। এরপর বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের নিচু শটে জালে বল জড়ান পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার।
বিরতির পাঁচ মিনিট পর অদ্ভুত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নেটো। তাঁর নেওয়া বাঁকানো কর্নার কিক সবাইকে ফাঁকি দিয়ে গোলকিপারের পায়ের ফাঁক গলে জালে জড়ায়।
৫৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান তরুণ এসতেভাও। লিয়াম ডেলাপের পাস থেকে সহজ ফিনিশে গোল করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে চেলসির হয়ে সপ্তম গোল করলেন এস্তেভাও। প্রিমিয়ার লিগ যুগ হিসাবে ধরলে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করা কিশোর (১৮ বছর বা তার কম) এখন তিনি। ইউরোপের সেরা পাঁচ লিগ ধরলে রেকর্ডটি অবশ্য লামিনে ইয়ামালের দখলে (১৫)।
ম্যাচের ৭১ মিনিটে আবারও ডেলাপের সহায়তায় নিচু শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নেটো। সিনিয়র ক্লাব ফুটবলে এটিই নেটোর প্রথম হ্যাটট্রিক। এফএ কাপে চেলসির হয়ে সর্বশেষ হ্যাটটিক ছিল ট্যামি আব্রাহামের; ২০২১ সালে লুটন টাউনের বিপক্ষে।
শেষ দিকে লুইস কৌমাসের শট পোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় হাল সিটি। সোমবার ড্র-এর মাধ্যমে নির্ধারিত হবে এই জয়ের পর পঞ্চম রাউন্ডে চেলসি কার মুখোমুখি হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.