রাত পোহালেই নির্বাচন। এরই মধ্যে নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামের একটি মুদি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পরে বোমা ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি দোকানের সামনে সন্দেহজনক সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানানো হলে যৌথভাবে তল্লাশি চালিয়ে কাচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে বোমাগুলো নিরাপদ স্থানে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। এগুলো বিস্ফোরিত হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কাল ভোট, আজ বোমা উদ্ধার-ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।
জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
বদলগাছী ওসি লুৎফর রহমান বলেন, উদ্ধার পেট্রোলবোমাগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.